ইরানি প্রতিনিধি দলটি শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে। তবে এই আলোচনায় মার্কিন প্রতিনিধিরা থাকছেন না।
একটি মার্কিন সূত্র ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর তার ওমানের রাজধানী মাসকাট এবং রাশিয়ার রাজধানী মস্কো সফরের কথা রয়েছে।
পাকিস্তান আশা করছে, শুক্রবারের এই বৈঠক শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার পথ প্রশস্ত করবে।
তবে এই আলোচনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান, কোনো পক্ষই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
এর আগে ইসলামাবাদে শুক্রবার গভীর রাতে ইরানের একটি প্রতিনিধি দল পৌঁছাতে পারে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছিল ডন।
এদিন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে ফোনালাপ হয়। এর কয়েক ঘণ্টা পর এই অগ্রগতির খবর আসে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপে উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রেক্ষাপটে ইসলামাবাদের পক্ষ থেকে নেওয়া কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।
পোস্টে বলা হয়, ইসহাক দার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে ‘নিরবচ্ছিন্ন সংলাপ ও সম্পৃক্ততার’ ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার’ প্রশংসা করেন।