মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ভূমিকম্প হয়েছে মূলত মিয়ানমারে। চট্টগ্রামে সেটি কয়েক সেকেন্ড অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে বাংলাদেশের চট্টগ্রামের দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার।