পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে চীন সফর করবেন বলে শুক্রবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শাহবাজ আগামী ২৩ থেকে ২৬ মে চীনে সরকারি সফর করবেন। এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ দুই দেশই বর্তমানে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই সফর পাকিস্তান-চীন চিরন্তন ও নির্ভরযোগ্য কৌশলগত অংশীদারত্বের অবিচল শক্তিকে আরও সুদৃঢ় করার সুযোগ দেবে।’
ডনের প্রতিবেদনে বলা হয়, সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মুখপাত্র।
আন্দরাবি বলেন, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করবে। এই সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা, কৌশলগত সমন্বয় ও রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুসংহত করবে।
এর আগে গত ১৩ মে দুদিনের রাষ্ট্রীয় সফরে চীন যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তার এই সফর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর ঠিক ছয়দিন পর ১৯ মে বেইজিংয়ের আতিথ্য গ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের দুই শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রের নেতার পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীরও চীন সফরের খবর এলো।