বাহামার একটি ছোট দ্বীপে চলতি সপ্তাহান্তে পাম বিচের প্রভাবশালী ব্যক্তিত্ব বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এই আয়োজনের পরিকল্পনা সম্পর্কে অবগত দুটি সূত্র শুক্রবার (২২ মে) সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে অন্তরঙ্গ এই আয়োজনে একজন মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে না। তিনি স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে সূত্রগুলো।
অতিথিদের তালিকাটি ইচ্ছে করেই বেশ ছোট রাখা হয়েছে। বিয়েতে কেবল বর-কনের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে অতিথির সংখ্যা ৫০ জনেরও কম।
আগের দিন বিকেলে ওভাল অফিসে এই বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনার কথা কিছুটা অস্পষ্ট রাখেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘সে (ট্রাম্প জুনিয়র) চায় আমি যাই, কিন্তু এটি একেবারেই ছোট এবং ব্যক্তিগত একটি আয়োজন হতে যাচ্ছে। তবে আমি যাওয়ার চেষ্টা করব।’
‘সময়টা আমার জন্য অনুকূল নয়। ইরান পরিস্থিতিসহ আরও অনেক কিছু সামলাতে হচ্ছে,’ যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্রগুলোর একটি সিএনএনকে জানিয়েছে, ট্রাম্প যে তার বড় ছেলের বিয়েতে যাচ্ছেন না, তা আগেই ধারণা করা হয়েছিল। বর-কনের অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত রাখার ইচ্ছার কারণে এমনটা হচ্ছে।
ট্রাম্পের সরকারি কর্মসূচিতেও তার এই বিয়েতে অংশ নেওয়ার কোনো ইঙ্গিত নেই।
সূত্রগুলো জানায়, ট্রাম্প জুনিয়র ও অ্যান্ডারসন চেয়েছিলেন, বিয়ের বিস্তারিত তথ্য যেন সংবাদমাধ্যমে প্রকাশ না হয়। অনুষ্ঠানটি যাতে একান্ত ব্যক্তিগত ও নির্জন পরিবেশে সম্পন্ন হয়।
এতে একদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর হবে, অন্যদিকে প্রেসিডেন্ট উপস্থিত থাকলে যে কঠোর নিরাপত্তা বলয় তৈরি হয়, তার ফলে অতিথিদের যে ভোগান্তি পোহাতে হতো, তা থেকেও তারা রেহাই পাবেন।
সূত্রমতে, বিয়েতে ট্রাম্প জুনিয়রের ভাই-বোনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এটি ৪৮ বছর বয়সী ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে বিয়ে হয় তার। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের আগে ১২ বছর সংসার করেন তারা।