বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন জাকিয়া আহমাদ; যিনি ‘নদী’ নামেও পরিচিত। প্রথম আফগান নারী হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন।
তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, নেপালের খুম্বু অঞ্চলের থামে গ্রামের নেপালি গাইড দাওয়া তেনজিং শেরপা ও ফুরবা গিয়ালজেন শেরপাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টা ২০ মিনিটে ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতচূড়ায় পৌঁছান জাকিয়া।
পাকিস্তানের পর্বতারোহণ সংস্থা অ্যালপাইন ক্লাব অব পাকিস্তান এদিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আফগান শরণার্থী ও মানবাধিকারকর্মী জাকিয়া ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তান থেকে পালিয়ে যান এবং পরে অস্ট্রেলিয়ায় পুনর্বাসিত হন।
বিবৃতিতে বলা হয়, জাকিয়ার এই সফল আরোহণ আফগানিস্তান এবং সংঘাত-কবলিত দেশের নারী পর্বতারোহীদের জন্য একটি বড় মাইলফলক।
জাকিয়ার সমর্থকেরা এই অর্জনকে বিশ্বজুড়ে নারী, শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ‘সাহসিকতা ও দৃঢ় সংকল্পের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে একই দিন পাকিস্তানি পর্বতারোহী সালমান আতিকও সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন, যা পাকিস্তানের পর্বতারোহণ সম্প্রদায়ের জন্য আরেকটি বড় মাইলফলক বলে জানিয়েছে অ্যালপাইন ক্লাব অব পাকিস্তান।
ঠিক এক বছর আগে আতিক বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মাউন্ট মানাসলু জয় করেছিলেন।
অ্যালপাইন ক্লাবের সহ-সভাপতি কারার হায়দরি পর্বতারোহী আতিকের এই সাফল্যকে পাকিস্তানের তরুণ অভিযাত্রীদের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তার ‘দৃঢ় সংকল্প, সাহসিকতা ও আবেগের’ প্রশংসা করেন।