মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘স্বৈরাচারী’ ডাকার পাশাপাশি তার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তুরস্কের চামলিজা মসজিদে এদিন ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই স্বৈরাচারী বিশ্বের মুসলমানদের হাতে উপযুক্ত শিক্ষা পাবে।’
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনা যাতে ইতিবাচক ও সফল পরিণতির দিকে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
এর আগে মঙ্গলবার তুরস্ক ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে এরদোয়ান কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।