যুক্তরাষ্ট্রে স্থানীয় ব্যক্তির বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি। পরে সেই ব্যক্তি নিজেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে অভিবাসীবিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৮ মে) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি এক্সে শেয়ার করেন ওই ব্যক্তি, যিনি নিজেই পুরো ঘটনার ভিডিও ধারণ করেছিলেন।
ভিডিওতে দেখা যায়, ওই দম্পতি একটি পার্কিং লটে দাঁড়িয়ে আছেন। এসময় ওই ব্যক্তি তাদের দিকে এগিয়ে যান এবং তাদের জাতীয়তা নিয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার কথা বলেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কয়েকজন এইচ-১বি ভারতীয়র মুখোমুখি হয়েছিলাম, তাদের কিছু কথা মনে করিয়ে দিতেই হলো!’
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি গাড়ি চালিয়ে দম্পতির কাছে আসেন এবং জিজ্ঞেস করেন, ‘আপনারা কি ভারত থেকে এসেছেন?’ দম্পতিটি হেসে ইতিবাচক সাড়া দেন।
এরপর তিনি জানতে চান, তারা আমেরিকাকে পছন্দ করেন কি না। জবাবে তারা ‘হ্যাঁ’ বলেন।
কথোপকথনটি শুরুতে বেশ সৌহার্দ্যপূর্ণই মনে হচ্ছিল, কারণ ওই ব্যক্তি তাদের কাছে জানতে চাইছিলেন, বসবাসের জন্য ভারত নাকি যুক্তরাষ্ট্র, কোনটি বেশি ভালো।
জবাবে ওই দম্পতি বলেন, দুই দেশেরই নিজস্ব সৌন্দর্য ও ভালো দিক রয়েছে। তবে ভারত তাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ, কারণ তাদের পরিবার সেখানেই থাকে।
কিন্তু এরপরই আলোচনার মোড় ঘুরে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ব্যক্তি বলে বসেন, ‘ভারত যদি এতই ভালো হয়, তাহলে আপনারা ভারতেই কেন থাকছেন না? আমেরিকায় আসার কী দরকার ছিল?’
হঠাৎ এমন প্রশ্নে কিছুটা বিস্মিত হলেও নিজেকে সামলে নিয়ে ওই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি জবাব দেন, ‘পৃথিবীটা ঘুরে দেখুন।’
ঠিক তখনই ভিডিও ধারণকারী ব্যক্তি তার কণ্ঠস্বর চড়িয়ে বলেন, ‘না, আমরা তোমাদের এখানে চাই না। তোমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমার দেশ থেকে বের হও।’
হঠাৎ এই আকস্মিক আচরণে হতভম্ব হয়ে পড়েন ওই দম্পতি। ভিডিও ধারণকারী ব্যক্তিটি স্থান ত্যাগ করার সময় তারা আর কথা বাড়িয়ে তর্কে জড়াননি।
ভিডিওটি অনলাইনে আসার পরপরই তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেক ব্যবহারকারী এই বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্রের ওপর ওই ব্যক্তির একচ্ছত্র অধিকারের দাবি নিয়ে প্রশ্ন তোলেন।
আরেক ব্যবহারকারী আমেরিকার আদিবাসীদের (রেড ইন্ডিয়ান) একটি ছবি পোস্ট করে ওই ব্যক্তির উদ্দেশে ক্যাপশনে লেখেন, ‘তাহলে আপনি নিজে তাদের দেশে কী করছেন???’