আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন; যাদের মধ্যে ১০ জন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
শনিবার (৩০ মে) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ থেকে রাজধানী কাবুলগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন দেশটির এক কর্মকর্তা।
কয়েক দশকের সংঘাতে জরাজীর্ণ রাস্তাঘাট, বিপজ্জনক গাড়ি চালনা ও ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করার ফলে আফগানিস্তানে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
শনিবারের দুর্ঘটনা সম্পর্কে আফগানিস্তানের লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাকটিতে বেশ কিছু আফগান পরিবার ছিলেন, যারা পাকিস্তান থেকে ফিরছিলেন।
নিয়াজি জানান, দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০টি শিশু, ৫ জন নারী এবং ৩ জন পুরুষ রয়েছেন। এছাড়া আরও ২৯ জন আহত হন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থানরত আফগান অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় অনেকে বাধ্য হয়ে দেশ ছাড়ছেন।
এমন পরিস্থিতিতে প্রায়ই আফগান পরিবারগুলোকে ট্রাকে করে তাদের মালপত্রসহ ফিরতে দেখা যায়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪ লাখ ৪৭ হাজার ৪০০ জন আফগান নাগরিক পাকিস্তান থেকে দেশে ফিরেছেন।
এর আগে গত বছরের আগস্টে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ইরান থেকে ফেরত আসা আফগান অভিবাসীদের বহনকারী একটি বাসের সঙ্গে অন্য দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ১৯টি শিশুসহ ৭৮ জন নিহত হয়েছিলেন।