দুই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। এমন প্রতিবেদন প্রকাশ পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। এর মধ্যে সংস্থার সংবাদ বিভাগের কর্মীরাও রয়েছেন। জানা গেছে, সংস্থার বাজেট কমিয়ে ভবিষ্যৎ অর্থায়নের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ২০ হাজারের বেশি কর্মী নিয়ে আর্থিক সংকটে পড়েছে সংবাদ জগতের ঐতিহ্যবাহী সংস্থাটি। ডিজিটাল পৃথিবীতে এআই শাসনে সংবাদমাধ্যমের চরিত্র বদলে যাওয়ার প্রেক্ষিতে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেড়েই চলেছে। ফলে খানিকটা বাধ্য হয়েই সব বিভাগে ১০ শতাংশ বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিবিসি। এর জেরেই একসঙ্গে দুই হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও বিবিসি এখনো এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
তবে বিবিসির ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন জানিয়েছেন, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই এই কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ব্যয় কমাতে প্রতিষ্ঠানে নতুন নিয়োগ ও কর্মীদের ভ্রমণের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ম্যানেজমেন্ট কনসালট্যান্টদের পেছনে খরচও কমানো হয়েছে।
বলা হচ্ছে, বিবিসি কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এই কর্মী ছাঁটাই তার প্রথম ধাপ বলে জানা গেছে।