যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি বলেছেন, ‘শান্তির সুবাতাস বইতে শুরু করেছে’।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) এই তথ্য জানিয়েছে সিএনএন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি হলো, সব পক্ষকে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে হবে এবং সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।’
ওয়াং ই জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়টি সঠিকভাবে সমাধান করা উচিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ উদ্বেগগুলোর বিষয়েও যথাযথ সাড়া দেওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ও ইরানের এই চুক্তিটি চীনের জন্য একটি বড় সুসংবাদ।
এই চুক্তির ফলে তেহরানে বেইজিং ঘনিষ্ঠ সরকার বহাল থাকছে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার ফলে চীনের ওপর জ্বালানির চাপ অনেকটাই কমে আসবে।
কারণ দেশটি এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে থাকে।