ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘দারুণ চুক্তি’ করেছেন ইরানের সঙ্গে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার (১৮ জুন) ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব এ মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।
রুত্তে বলেন, ‘চুক্তিটিকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প দারুণ চুক্তি করেছেন।
‘এই সমঝোতার ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাস পাবে এবং উপসাগরীয় অঞ্চলে নৌযান চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার হবে।’
আগের দিন রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে এবং একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করার পথ সুগম করবে বলে ধারণা বিশ্লেষকদের।
এই চুক্তিতে ইরানের দিক থেকে পরমাণু অস্ত্র সংগ্রহ বা তৈরি না করার অঙ্গীকারও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও দেশটির সামগ্রিক পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে।
হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করার বিষয়টি সরাসরি ন্যাটোর এখতিয়ারে নেই উল্লেখ করে রুত্তে বলেন, ‘তবে এক্ষেত্রে ন্যাটো যদি কোনো ভূমিকা রাখতে পারে, তাহলে আমরা অবশ্যই সবসময় সাহায্য করতে প্রস্তুত।’