ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া ১৪ দফার সমঝোতা স্মারককে একটি ‘চরম ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। এই স্মারক নিয়ে সিনেটের রিপাবলিকানদের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সবকিছুই ছাড় দিয়ে দিয়েছেন’।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের বাইরে বৃহস্পতিবার (১৮ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেটর এ দাবি করেন বলে জানিয়েছে সিএনএন।
শুমার বলেন, ‘এটি কোনো সফল দরকষাকষির চুক্তি নয়। এটি হলো আত্মসমর্পণের চুক্তি। ট্রাম্প শক্তির মাধ্যমে শান্তি আনেননি, বরং দুর্বলতার পরিচয় দিয়ে ছাড় দিয়েছেন।’
এই ডেমোক্র্যাট নেতা বলেন, ‘আমেরিকানরা যা চেয়েছিল বা আমাদের যা প্রয়োজন ছিল, তার প্রায় কিছুই পায়নি। ট্রাম্প সবকিছু বিলিয়ে দিয়েছেন। ইরানিরা তাকে রীতিমতো ধোঁকা দিয়েছে।’
তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরান পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল রাখার যে দফা চুক্তিতে রয়েছে, তার পক্ষে ‘ডেমোক্র্যাটরা ভোট দেবে না’।
সিনেটর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কোনো বিজয় নয়। এটা মূলত ট্রাম্পের দেওয়া আত্মসমর্পণের অর্থ। তিনি এতটাই বাজে একটি চুক্তি করেছেন, যা যুক্তরাষ্ট্রকে অত্যন্ত কঠিন ও জটিল এক পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে।’
শুমার মনে করেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে জনগণের মনোযোগ সরাতেই ট্রাম্প ইরানের সঙ্গে এই যুদ্ধ শুরু করেছিলেন।
তিনি বলেন, ‘তার (ট্রাম্প) কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না; যার ফলে আমেরিকা এবং পুরো বিশ্বকে ট্রাম্পের করা অন্যতম নিকৃষ্ট একটি চুক্তির খেসারত দিতে হচ্ছে। এটি মার্কিন পররাষ্ট্র ও কূটনৈতিক ইতিহাসের অন্যতম বাজে একটি চুক্তি।’
ডেমোক্র্যাট নেতা জানান, মার্কিন সিনেটের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এই চুক্তিকে সমর্থন করার জন্য খুব একটা উন্মুখ হয়ে নেই।