দেশজুড়ে রেড হিট অ্যালার্ট (সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা) জারি হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। পশ্চিম ইউরোপের ওপর একটি উষ্ণ বায়ুস্তর ভর করায় গোটা ইউরোপ মহাদেশজুড়ে চরম আবহাওয়া বিরাজ করছে।
এর প্রভাবে আজ বুধবার এবং আগামীকাল ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে কেন্ট এবং দক্ষিণ-পূর্ব লন্ডনের ট্রেন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে গতকাল জানিয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে।
রেল পরিচালনাকারী এই সংস্থাটি যাত্রীদের ‘খুব বেশি জরুরি’ না হলে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত লন্ডন থেকে সোয়ানসি এবং সমারসেট থেকে বার্মিংহাম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপপ্রবাহের কারণে এই রেড হিট অ্যালার্ট জারি করেছে যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর।
এই দুই দিনে তাপমাত্রা যুক্তরাজ্যের ইতিহাসে রেকর্ডের কাছাকাছি চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২২ সালের জুলাইয়ে লিঙ্কনশায়ারে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এমনকি এবারের তাপপ্রবাহ ১৯৭৬ সালে হ্যাম্পশায়ারে জুনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসময় তীব্র গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে জনস্বাস্থ্য, অবকাঠামো, বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।