ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এই সংহতি জানান।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার বিকেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প পর পর আঘাত হানে। এতে কারাকাসে বেশ কিছু ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশসহ সব বাহিনী।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরোর পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় বলা হয়, ‘আজকের দিনে আমাদের কেবল একটিই বার্তা—সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ তৎপরতা।’
মাদুরো ও তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন।
গত জানুয়ারির শুরুতে কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র মামলা দেয় মার্কিন সরকার।
টেলিগ্রামে দেওয়া বার্তায় উদ্ধারকারী ও চিকিৎসক দলগুলোর কাজে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাদুরো বলেন, ‘কেউ যেন একা পড়ে না যায়। প্রতিটি পাড়া-মহল্লার মানুষ যেন শিশু, বৃদ্ধ ও অসুস্থদের দেখভাল করে।’
বার্তায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আরও বলেন, ‘ভেনেজুয়েলা অতীতেও বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। এবারও আমরা পরস্পরের প্রতি আস্থা, শৃঙ্খলা এবং সংহতি নিয়ে এই বিপর্যয় কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠব।’