চলমান শান্তি আলোচনার মধ্যেই গতকাল শুক্রবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা ‘কূটনীতি ও যুদ্ধবিরতি চুক্তির প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতিহীনতাকে’ উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন শীর্ষ এক ইরানি সংসদ সদস্য। তিনি দাবি করেছেন, আলোচনার মাঝপথে ‘আরও একবার ইরানে হামলা’ চালাল যুক্তরাষ্ট্র।
ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যর্থ প্রেসিডেন্ট আবারও প্রমাণ করলেন, আলোচনার নিয়মকানুন কিংবা যুদ্ধবিরতির প্রতিশ্রুতির প্রতি তার বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই।
‘যুদ্ধবিরতির এই অযাচিত লঙ্ঘন যুক্তরাষ্ট্রকে অতীতের মতোই অনুতপ্ত ও পিছু হটতে বাধ্য করবে।’
দোষারোপের রাজনীতি করে এবার আর পার পাওয়া যাবে না উল্লেখ করে ইরানের এই সংসদ সদস্য বলেন, ‘দোষারোপের এই খেলা আর কাজে আসবে না।’
ইরানের দক্ষিণাঞ্চলে গতকাল যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর এমন বক্তব্যের ঘণ্টাকয়েক পর এই প্রতিক্রিয়া জানালেন আজিজি।