আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে ফের ক্ষমতায় ফিরতে পারলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো ‘সুযোগ থাকবে না’ বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেছেন, ‘আমি যে বৃহত্তর জাতীয় সরকারের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছি, তার অন্যতম প্রধান নীতি, এখানে দুই রাষ্ট্রের কোনো সুযোগ নেই। ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ডে দ্বি-রাষ্ট্রের কোনো স্থান নেই।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল শনিবার নেতানিয়াহু এসব কথা বলেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘তিন বছর আগে, যুদ্ধের (গাজা যুদ্ধ) আগে, এই প্রশ্নে জনমত বিভক্ত ছিল। যদিও আমি মনে করি, জনগণের বড় অংশ তখনও এর বিপক্ষে ছিল।
‘তবে একটি উল্লেখযোগ্য অংশ একে সমর্থনও করত। এখন আমার মনে হয়, সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এ বিষয়ে (ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া) এখন ঐকমত্য তৈরি হয়েছে।’
এর আগে লেবাননের সঙ্গে হওয়া একটি চুক্তিকে ‘ঐতিহাসিক অর্জন’ এবং ‘ইরান ও হিজবুল্লাহর জন্য বিরাট ধাক্কা’ হিসেবে অভিহিত করেন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, লেবানন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতায় এটি স্বীকার করে নেওয়া হয়েছে, ইসরায়েল যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন দক্ষিণ লেবাননের অভ্যন্তরে একটি নিরাপত্তা অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকবে।