ইরান বলেছে, গতকাল শনিবার দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলা ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া ১৪ দফার সমঝোতা স্মারকের ‘স্পষ্ট লঙ্ঘন’।
আজ রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে বলে জানিয়েছে সিএনএন।
বিবৃতিতে বলা হয়, ‘এ ঘটনা আবারও প্রমাণ করে, যুক্তরাষ্ট্র সরকার তাদের প্রতিশ্রুতির কোনো মূল্য দেয় না। প্রতিশ্রুতি ভঙ্গ করা এই সরকারের স্বভাব।’
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ‘হামলার জবাবে’ প্রণালিটির ভেতরে ও আশপাশে ১০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন নৌ ও বিমান বাহিনী।
যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে ইরান তার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করছে।’