পাকিস্তানের করাচি শহরে দেশটির আধাসামরিক বাহিনীর আঞ্চলিক সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয়েছে। গতকাল শনিবার রাতের এই ঘটনায় ৩ জন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
পাকিস্তানের সেনাবাহিনী আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
পাকিস্তানি তালেবানের দলছুট গোষ্ঠী জামাত-উল-আহরার এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের সেনাবাহিনী এই গোষ্ঠীকে ভারতের মদদপুষ্ট দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি।
ঘটনা সম্পর্কে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে করাচিতে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে এক ব্যক্তি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায়। এরপরই দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েকজন সশস্ত্র ব্যক্তির তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করেছে। আহত অবস্থায় চতুর্থ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তি আফগান নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।
ওই এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে হামলার পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে কয়েকবার বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি, পাকিস্তানে হওয়া বিভিন্ন হামলার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেই ওইসব হামলা চালানো হয়।
তবে আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো গোষ্ঠীকে আন্তঃসীমান্ত হামলা চালাতে দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।