দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাকে ৪৭ জন রাজনীতিক ও শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী আলি আল-জাইদির নির্দেশে রোববার (২৮ জুন) ভোরে রাজধানী বাগদাদে এ অভিযান চালানো হয়।
সরকারি মুখপাত্র জানান, বিশেষ সন্ত্রাসবিরোধী বাহিনীর (কাউন্টার টেররিজম সার্ভিস) সদস্যরা রাতভর বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে বিভিন্ন বাসভবনে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করেন।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইএনএ) জানায়, আটক ব্যক্তিদের মধ্যে সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
গত মে মাসে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী আলি আল-জাইদি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিলেন। তার নির্দেশেই বিচার বিভাগ দুর্নীতির সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন একটি নেটওয়ার্কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপরই এই অভিযান পরিচালিত হয়।
আইএনএ-এর এক জ্যেষ্ঠ সূত্র জানায়, পরিশোধনবিষয়ক উপ-তেলমন্ত্রী আদনান আল-জুমাইলিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আরও কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার নাম উঠে আসে। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি মুখপাত্র হায়দার আল-আবৌদি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান এখনও চলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা ও সরকারি অর্থের সুরক্ষা নিশ্চিত করতে দুর্নীতি দমন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন তেল বিতরণবিষয়ক উপ-তেলমন্ত্রী আলি মারিজও। গত মে মাসে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ, তিনি ইরানের স্বার্থে ইরাকি তেল সরিয়ে নেওয়া, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে সহায়তা করা ও জাল নথি ব্যবহার করে ইরানি অপরিশোধিত তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে রপ্তানিতে ভূমিকা রেখেছেন।
তবে সে সময় ইরাকের তেল মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে জানায়, যুক্তরাষ্ট্র যেসব কর্মকাণ্ডের অভিযোগ করেছে, সেগুলো আলি মারিজের দায়িত্বের আওতায় পড়ে না।
নিরাপত্তা সূত্র জানায়, অভিযান শুরুর আগেই কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যান। এ কারণে গ্রিন জোনের সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়ে তাদের ধরতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। আগামী কয়েক দিন এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাগদাদের গ্রিন জোনে ইরাকের সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন বিদেশি দূতাবাস অবস্থিত। দেশটির অধিকাংশ শীর্ষ সরকারি কর্মকর্তার বাসভবন ও কার্যালয়ও এই এলাকায়।
তথ্যসূত্র: রয়টার্স