ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ উঠে যাওয়ার পর দেশটি এ পর্যন্ত ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম আজ বুধবার এই তথ্য জানিয়েছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, এদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এই হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে প্রতিদিন গড়ে প্রায় ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে।
ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ তেল উৎপাদনকারী দেশ এখনো যুদ্ধ-পূর্ব সময়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম পরিমাণে তেল রপ্তানি করছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অধীনে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়।
এরপর মার্কিন অর্থ মন্ত্রণালয় একটি ৬০ দিনের অনুমোদন জারি করে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হয়।