পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর মিডিয়া ও রাজনৈতিকবিষয়ক সহযোগী শাহিদ রিন্দের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রদেশের শিরানি জেলায় ধানাসার এলাকা পেরিয়ে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খানে প্রবেশের সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ৪০ জন নিহত এবং আটজন আহত হন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশনায় দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে শিরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে দুর্ঘটনার স্থানসহ অন্যান্য তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীরাও এতে উঠে পড়ায় যাত্রীর সংখ্যা বেড়ে যায়।
এদিকে খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২১-এর এক পৃথক বিবৃতিতে বলা হয়, খাদে পড়ার সময় বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঝোব জরুরি সেবা ও রেসকিউ ১১২১-এর দল ঘটনাস্থলে পৌঁছায়।
ডন জানিয়েছে, দুর্ঘটনায় আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল।