যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে দেশটির নিউইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিটের ২৯০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন ৩৭ ও ৩৩ বছর বয়সী দুই পুরুষ, ২৫ ও ২১ বছর বয়সী দুই নারী, ১৪ ও ১২ বছর বয়সী দুই কিশোর এবং সাত ছয় বছর বয়সী দুই শিশু। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, আহতদের সবাইকে জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) মাধ্যমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
তথ্যসূত্র: এবিসি নিউজ