বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন অব্যাহত রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই জয় যেমন টুর্নামেন্টে তাদের টিকিয়ে রেখেছে, তেমনি ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া এক তান্ত্রিকের আলোচিত ভবিষ্যদ্বাণীকেও পুরোপুরি ভুল প্রমাণ করেছে।
ম্যাচের আগে ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও জাদুকর নানা কওয়াকু বোনসাম আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন, লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেবে কেপ ভার্দে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করে।
তবে মাঠের ফলাফল ছিল সম্পূর্ণ বিপরীত। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর বনসামের ভবিষ্যদ্বাণী ভেঙে পড়ে। এরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিন্ন প্রতিক্রিয়া দেন।
নিজের ভুল স্বীকার বা ব্যাখ্যা না দিয়ে তিনি ইনস্টাগ্রামে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি, নানা কওয়াকু বোনসাম, তোমাকে অনেক ভালোবাসি আমার ভাই মেসি। কফি ‘উ' কফির (আঞ্চলিক আধ্যাত্মিক শক্তি) সমস্ত ক্ষমতা তোমার সহায় হোক। ক্ষমতা চিরন্তন।’ একই পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সতর্কও করেন, দাবি করেন তার নাম ব্যবহার করে অনেকে প্রতারণা করছে।
নকআউট ম্যাচের আগে অবশ্য তার আত্মবিশ্বাস ছিল চূড়ায়। তিনি বলেছিলেন, আর্জেন্টিনাকে বিদায় করে কেপ ভার্দে বড় অঘটন ঘটাবে। কিন্তু বাস্তবে সেই ভবিষ্যদ্বাণী একেবারেই মেলেনি।
এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরস ও নানা মন্তব্য। কেউ লিখেছেন, ‘আজকে ঘানার জাদুকরের জীবনের সবচেয়ে খারাপ দিন।’ আবার কেউ কটাক্ষ করে বলেছেন, ‘মনে হচ্ছে আপনার কালো জাদুর মেয়াদ শেষ হয়ে গেছে!’ অনেকে আবার মজা করে মন্তব্য করেছেন, ‘মেসি জাদুকরের মন্ত্রই ভেঙে দিয়েছেন।’
নানা কওয়াকু বোনসাম ফুটবল বিশ্বে নতুন কেউ নন। বড় টুর্নামেন্ট এলেই আলোচনায় আসেন তিনি। এর আগেও তিনি দাবি করেছিলেন, ঘানা-ইংল্যান্ড ম্যাচে তার আধ্যাত্মিক প্রভাবেই হ্যারি কেইন গোল করতে পারেননি, যদিও পরবর্তীতে সেই দাবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সব বিতর্ক ও আলোচনার বাইরে আর্জেন্টিনা এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে মাঠের খেলায়। শেষ ৩২ পার করে তারা এখন কোয়ার্টার ফাইনালের পথে এগোচ্ছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় মিশরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।