সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন
নেপালে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। কাঠমান্ডুর সিংহ দরবারে স্থাপিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নতুন কার্যালয় হিসেবে নির্ধারিত হয়েছে। এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ।
প্রধানমন্ত্রীর স্বাগত জানানোর জন্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সকালে ডেকে পাঠানো হয়েছে।
ফ্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে কার্কি শুক্রবার রাতে শপথ গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এর মাধ্যমে তিনি নেপালের প্রথম নারী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। উল্লেখ্য, সুশীলা কার্কি আগে দেশের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন।
কার্যালয়ের কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের কার্যালয় থেকে। সম্প্রতি সহিংসতা ও অগ্নিসংযোগের কারণে এই অফিসগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সরকারি কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রী কার্কি ছোট পরিসরে নতুন মন্ত্রীপরিষদের সদস্যদের ঘোষণা করতে পারেন।