যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পৌঁছেই তিনি ঘোষণা দেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করবেন তিনি।
ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক উত্তেজনা এবং ইরান যুদ্ধে ইউরোপের ভূমিকার প্রতি যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, নিজের দ্বিতীয় মেয়াদে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তুরস্ক সফরে এসে ট্রাম্প বলেন, ‘আমরা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে যাচ্ছি।’
২০২০ সালে তুরস্ক রুশ এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ন্যাটোর অন্যতম প্রধান এই দুই মিত্র, যাদের সামরিক বাহিনী এই জোটের মধ্যে সবচেয়ে বড়, ওই ঘটনার পর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
সেসময় যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও তুরস্কের অংশীদারত্ব স্থগিত করেছিল, যার তীব্র সমালোচনা করে আঙ্কারা।
আঙ্কারায় পৌঁছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যকার দৃঢ় সম্পর্কের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাই না। আমাদের মধ্যে চমৎকার রসায়ন রয়েছে।’
তুরস্কের সঙ্গে এবারের আলোচনায় ইরান, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ‘সামরিক খাতের অন্যান্য বিষয়’ প্রাধান্য পাবে বলে জানান ট্রাম্প।