ইরানে মার্কিন বিমান হামলা এবং দেশটির তেল বিক্রির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে অঞ্চলটির জ্বালানি সরবরাহ আবারও ব্যাহত হতে পারে, এমন উদ্বেগে আজ বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ গ্রিনিচ মান সময় ভোর ৪টায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৮ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮২ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৬ ডলারে ওঠে।
এর আগের দিন মঙ্গলবারও দুই ধরনের তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল। সেদিন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানকে তেল বিক্রির অনুমতি দেওয়া লাইসেন্সটি যুক্তরাষ্ট্র বাতিল করায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।
ডাচ বহুজাতিক ব্যাংক আইএনজির পণ্য বাজার কৌশলবিদেরা আজ এক নোটে জানিয়েছেন, এই লাইসেন্স বাতিল হওয়া তেলের বাজারের গতিপ্রকৃতিতে হয়তো মৌলিক কোনো বড় পরিবর্তন আনবে না। তবে বাজারের মনস্তত্ত্বে এটি বড় প্রভাব ফেলেছে। এটি মূলত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিকে অনেক বাড়িয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়ার আর্থিক গবেষণা প্রতিষ্ঠান এমএসটি মারকুইয়ের গবেষণা প্রধান সল কাভোনিক বলেন, বর্তমান এই উত্তেজনা বাজারকে আবারও মনে করিয়ে দিল, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো কতটা ঝুঁকিপূর্ণ ও ভঙ্গুর।