যুক্তরাষ্ট্র চায়, ইরান প্রকাশ্যে ঘোষণা দিক, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো এবং তা কার্যকর রাখা কঠিন হয়ে পড়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা সাংবাদিকদের কাছে ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি নস্যাৎ করার জন্য ইরানের কট্টরপন্থীদের একটি বিদ্রোহী উপদল চেষ্টা চালাচ্ছে। তাদের কারণে চলতি সপ্তাহে পুনরায় হামলা শুরু হয়েছে।
এ পরিস্থিতিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে তিনি ‘শেষ’ বলে মনে করেন।
তবে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
মার্কিন ওই জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আলোচকদের জন্য সীমিত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।
তবে একই সঙ্গে তারা ইঙ্গিত দেন, আলোচনা ভেস্তে গেলে প্রেসিডেন্টের হাতে বিকল্প পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য, যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে ক্ষমতার লড়াই চলছে।