কাতারে আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেটির ভেঙে পড়া ধ্বংসাবশেষের আঘাতে একটি শিশুসহ তিনজন আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে বলা হয়, ইরানের আজকের এই হামলায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হামলার পরপরই নিরাপত্তা কর্তৃপক্ষ ও সিভিল ডিফেন্স টিম জরুরি পরিকল্পনা অনুযায়ী তাদের উদ্ধার ও সুরক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।
এদিকে একই সময়ে ইরানের বুশেহর প্রদেশের পাঁচটি শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনী প্রদেশটির আসালুয়েহ, দির, বুশেহর, দাশতি ও তাঙ্গেস্তান শহরে হামলা চালায়।
ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত কৌশলগত প্রদেশ বুশেহর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বারবার মার্কিন ও ইসরায়েলি হামলার শিকার হয়।
ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে চালানো আরেক মার্কিন হামলায় প্রদেশটির বেশ কিছু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়, যার মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী কিছু এলাকাও রয়েছে।