সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় একজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল-বাহিয়া ও মোম্বাসা নামের ট্যাংকার দুটি ওমানের জলসীমায় থাকাকালে হামলার শিকার হয়। এর মধ্যে মোম্বাসা ট্যাংকারে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।
এছাড়া হামলায় আরও ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিক আহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি ট্যাংকারই ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। আগুন পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিহত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করা এবং হরমুজ প্রণালিকে চাপ প্রয়োগ বা অর্থনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা জলদস্যুতার শামিল।
‘এটি কেবল এ অঞ্চলের স্থিতিশীলতা ও জনগণের জন্যই নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি।’