ইরানের ওপর নৌ অবরোধ আজ মঙ্গলবার থেকে কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার এক বিবৃতিতে বলেছে, ইরানের সব সমুদ্রবন্দর, তেলের টার্মিনাল ও উপকূলীয় অঞ্চল এই অবরোধের আওতায় থাকবে।
গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ৮টা থেকে যেকোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়, ‘অনুমোদন ছাড়া অবরোধ করা জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, এমন সন্দেহভাজন যেকোনো জাহাজকে আটকে দেওয়া, দিক পরিবর্তন করতে বাধ্য করা অথবা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে।
‘আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে আইনি কোনো বাধা থাকবে না।’
‘তবে হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের বাইরে অন্য কোনো দেশের উদ্দেশে যাওয়া-আসা করা বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হবে না,’ উল্লেখ করা হয় বিবৃতিতে।
ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর একপর্যায়ে ইরানের বন্দরে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।
পরে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সেই অবরোধ তুলে নেওয়া হয়। তবে এক মাসের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় ফের নৌ অবরোধের সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।