হরমুজ প্রণালি ও দুবাইয়ের প্রধান বাণিজ্যিক কেন্দ্র জেবেল আলীর ওপর নির্ভরতা কমাতে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে ডিপি ওয়ার্ল্ড। সব ঠিক থাকলে আগামী দেড় বছরের মধ্যে এই বন্দর নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমস বলছে, আমিরাতের বহুজাতিক এই কোম্পানি দেশটির ফুজাইরাহ উপকূলে একটি নতুন বহুমুখী বন্দর এবং একই অঞ্চলের বর্তমান বন্দরে একটি নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা করছে।
গত দুই দশকে ডিপি ওয়ার্ল্ড বিশ্বজুড়ে বন্দর ও সরবরাহব্যবস্থার বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলে আমিরাতের অন্যতম শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এর মধ্যে জেবেল আলী বন্দরটি এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য, যা দুবাইকে বিশ্ব বাণিজ্য ও অর্থায়নের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে প্রধান ভূমিকা রেখেছে।
জেবেল আলী বন্দরের কিছু কার্যক্রম দুবাইয়ের বাইরে স্থানান্তর করা হলে তা আমিরাতের জন্য বড় ধরনের কৌশলগত পরিবর্তন হবে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলা হয়, ডিপি ওয়ার্ল্ডের এই পরিকল্পনা আবুধাবির সামগ্রিক কৌশলেরই অংশ। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও উত্তেজনার মুখে নিজেদের অর্থনীতি সুরক্ষিত রাখতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে।
বিশেষ করে হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি অবরোধের কারণে যেখানে পণ্যবাহী জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে, সেখানে এই প্রণালির ওপর নির্ভরতা কমানোই তাদের মূল লক্ষ্য।
প্রকল্প সম্পর্কে যা জানা গেছে
আমিরাতের পূর্ব উপকূলে নতুন এই বন্দর ওমান উপসাগরে ডিপি ওয়ার্ল্ডের প্রভাব ও প্রবেশাধিকার আরও বাড়াবে। এর ফলে ওমান ও ইরানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ (হরমুজ প্রণালি) ব্যবহার না করে পণ্যবাহী জাহাজগুলো দেশটিতে সরাসরি যাতায়াত করতে পারবে।
পরবর্তীতে এই পণ্যগুলো সড়কপথে ট্রাকের মাধ্যমে দুবাই, আবুধাবি এবং প্রতিবেশী অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে পাঠানো সম্ভব হবে।
ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ডিপি ওয়ার্ল্ড বর্তমানে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে এই প্রকল্পের প্রাথমিক শর্তাবলী নিয়ে আলোচনা করছে।
সংশ্লিষ্ট সূত্র ব্রিটিশ পত্রিকাটিকে জানিয়েছে, প্রকল্পের কাঠামো এবং অর্থায়নের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।
ডিপি ওয়ার্ল্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী দেড় বছরের মধ্যে এই নতুন বন্দরের নির্মাণকাজ শেষ হতে পারে।