আত্মহত্যার উদ্দেশ্যে একসঙ্গে যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এক প্রেমিক যুগল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রেমিকা। আর প্রেমিক একাই নদীতে ঝাঁপ দিয়ে বসেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রেমিক-প্রেমিকার এই নাটকীয় ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুগল সেতুর ওপর এসে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রস্তুতি নেন। কিন্তু প্রেমিক ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রেমিকা পিছু হটে দ্রুত সেখান থেকে চলে যান।
পুলিশ জানায়, নদীতে ঝাঁপ দেওয়া তরুণের নাম আন্নু গুপ্তা। তিনি পানিতে পড়ার পর আশপাশে থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং জীবিত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর আন্নুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, কী কারণে ওই যুগল এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে তরুণের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।