কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তেহরান গতকাল শুক্রবার কুয়েতের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, কুয়েতি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শুক্রবার দেশের আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার পর সেগুলোর একটি বড় অংশ প্রতিহত করা হয়। ইরান ড্রোন ব্যবহার করে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।
এসময় দায়িত্ব পালনরত কুয়েতের স্থলবাহিনীর কয়েকজন সদস্য আহত হন। আহতদের সবাই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
এদিকে শুক্রবারের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়, এরপর থেকে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর একটি হয়ে উঠেছে কুয়েত।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোতে হামলার মাত্রা বাড়িয়েছে ইরানিরা।