ইরানে মার্কিন বিমান হামলা আরও তীব্র হয়েছে। দেশটির মধ্যাঞ্চলের ইয়াজদ এবং দক্ষিণাঞ্চলের লার, আহভাজ, সিরিক, বুশেহর, বন্দর আব্বাস ও দারাব শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পাশাপাশি টানা দ্বিতীয় রাতের মতো কেশম দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা।
হরমোজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন বিমান হামলায় ওই প্রদেশের দুটি সেতু ও একটি টানেল (ভূগর্ভস্থ পথ) ক্ষতিগ্রস্ত হয়।
হরমোজগানের উপ-গভর্নর বলেন, আজ শনিবার ভোরের দিকে প্রদেশের বেশ কয়েকটি স্থানে শত্রুপক্ষের হামলায় তিনজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বুশেহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করার পর সেটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর সদ্য মোতায়েন করা একটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
অন্যদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, তারা উত্তর ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজ লক্ষ্য করে উপকূল থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে আইআরজিসি।
পৃথক এক বিবৃতিতে তারা জানায়, মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় চারটি নিয়ম লঙ্ঘনকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যৌথ অভিযানের মাধ্যমে সেগুলোকে আটকে দেওয়া হয়।
আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি পথ অতিক্রম করার সময় বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।