ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ জুন থেকে নতুন করে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিকের বেশি মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেন কেরমানপুর গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, কেরমানপুর বলেন, নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ২টি শিশু রয়েছে। আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।
মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।
যুদ্ধ অবসান ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে দিয়ে ইরানে আবারও হামলা শুরু করে যুক্তরাষ্ট্র; যা গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য নতুন করে অস্থিরতা সৃষ্টি করে।