ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে গত ৭ জুলাই থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১০০ জন মার্কিন সামরিক সদস্য কোনো না কোনোভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র শোন পারনেল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ মঙ্গলবার দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
পারনেল বলেন, ‘ইরান যুদ্ধে গত ৭ জুলাই থেকে প্রায় ১০০ জন মার্কিন সেনাসদস্য কম-বেশি আহত হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে তাদের মধ্যে ৯৬ শতাংশ এরই মধ্যে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।
‘তারা লড়াইয়ে ফেরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আহতদের বেশির ভাগই মস্তিষ্কে সামান্য আঘাত পান।’
ইরানের সঙ্গে চলা যুদ্ধে আহত মার্কিন সেনাদের তথ্য পেন্টাগন গোপন রাখছে, দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটা দাবির পরই যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করল পেন্টাগন।
এর আগে গতকাল সোমবার দুপুরে সিএনএন বলেছিল, হামলায় আহত সেনাসদস্যদের তথ্য প্রকাশে মার্কিন সামরিক বাহিনী বিলম্ব করছে।
তবে বাহিনীর দাবি, তথ্য গোপন নয়, বরং সেনাসদস্যদের নিরাপত্তার স্বার্থেই এই বিলম্ব করা হয়েছে।