ইরানে টানা ১৩ দিনের হামলার পর আপাতত নতুন করে হামলা না চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের গতকাল শনিবারের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের এরই মধ্যে কমে আসা মজুত আরও দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
পত্রিকাটি বলছে, গত শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন ট্রাম্প।
এদিকে সিদ্ধান্তের বিষয়ে অবগত দুটি অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, হামলা বন্ধ রাখার নির্দেশটি সাময়িক নাকি এই বিরতি আরও দীর্ঘায়িত হবে, তা এখনো স্পষ্ট নয়।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এ সিদ্ধান্তে একদিকে কূটনৈতিক উদ্যোগের জন্য আরও সুযোগ করে দেওয়ার ইচ্ছার প্রতিফলন রয়েছে, অন্যদিকে বড় ধরনের পূর্ণাঙ্গ অভিযানে না গিয়ে কেবল এই মাত্রার হামলা চালিয়ে আর কোনো লাভ হচ্ছে না— এমন উপলব্ধিও এতে ফুটে উঠেছে।
তবে সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন প্রয়োজনবোধে আবারও বড় ধরনের পূর্ণাঙ্গ সামরিক অভিযানে ফিরে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করে রাখছে।