ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় বসবাসরত বাংলাদেশি দম্পতিকে মারধরের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শনিবার (২৫ জুলাই) এ খবর জানানো হয়েছে।
পুলিশ জানায়, ২৩ বছর বয়সী নাসরিনা বেলাল সাই ক্লিনিক–বেট্টাদাসাপুরা–বেলান্দুরের চিকিৎসক ডা. নাগেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, বাংলাদেশি নাগরিক হওয়ার কথা বলায় চিকিৎসক তাকে ও তার স্বামী মোহাম্মদ বেলালকে মারধর করেন। মোহাম্মদ বেলাল পেশায় একজন চালক।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ডা. নাগেন্দ্রকে গ্রেপ্তার করে বেলান্দুর থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
ডা. নাগেন্দ্র পুলিশের কাছে দাবি করেন, হোয়াইটফিল্ড ও আশপাশের এলাকায় অনেক অবৈধ অভিবাসী বসবাস করেন। সেই কারণে আবেগের বশে তিনি এমন আচরণ করেছেন। পুলিশ সূত্র জানায়, দম্পতির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চিকিৎসকের উচিত ছিল নিজে আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে বিষয়টি জানানো।’ তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীরা বাংলাদেশ থেকে এসেছেন, এটি সত্য। তবে তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’