হাভানার ওপর চাপ আরও বাড়াতে এবং দেশটিকে ঘিরে গোয়েন্দা তৎপরতা জোরদারের লক্ষ্যে গোপনে কিউবা টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ); যার উদ্দেশ্য বর্তমান সরকার হটিয়ে লাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে ওয়াশিংটনপন্থী নেতৃত্ব প্রতিষ্ঠা।
মার্কিন সংবাদমাধ্যমে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের এই উদ্যোগ সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিউবায় অর্থনৈতিক, রাজনৈতিক ও নেতৃত্বের পরিবর্তন আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই টাস্কফোর্স সিআইএকে হাভানামুখী কার্যক্রমে আরও দ্রুত আর্থিক, জনবল ও প্রযুক্তিগত সম্পদ বরাদ্দের সুযোগ করে দেবে।
প্রতিবেদন অনুযায়ী, টাস্কফোর্সটিতে এরই মধ্যে গোয়েন্দা কর্মকর্তা ও বিশ্লেষক, সাইবার বিশেষজ্ঞ এবং গোপন প্রভাব বিস্তার-সংক্রান্ত অভিযানে দক্ষ কর্মকর্তাদের যুক্ত করা শুরু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই টাস্কফোর্সের লক্ষ্য কিউবার রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিভাজন সৃষ্টি করা।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে বিবেচিত কর্মকর্তাদের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের দাবির প্রতি বেশি অনুকূল মনোভাবাপন্ন নেতাদের ক্ষমতায় আসার পরিবেশ তৈরি করতে চায় সিআইএ।
তবে এ বিষয়ে মন্তব্য করতে সিআইএ অস্বীকৃতি জানিয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।