ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বারামতি বিমানবন্দরের সীমানার ভেতরে রানওয়ে থেকে কিছুটা দূরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কম উচ্চতায় উড়ছিল। পরে জরুরি অবতরণের চেষ্টা করলে এক পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বিমানটি মাটিতে পড়ে যায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এসেছে। তবে বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি একই বিমানবন্দরের কাছে লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে অজিত পাওয়ারের ৬৬ বছর বয়সী দেহরক্ষী, এক সহকারী এবং দুই ককপিট ক্রু ছিলেন।
ওই দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। আগামী বছরের জানুয়ারির মধ্যে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এদিকে, চলতি বছরের ১৩ মে বারামতির কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের আগে বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটি বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় শিক্ষানবিস পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।
বারামতি বিমানবন্দরের আশপাশে একাধিক বিমান দুর্ঘটনার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও উড্ডয়ন কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।