ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলায় একটি টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে অন্তত সাত শ্রমিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, এখনো তিনজন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়ে আছেন। তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এ পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, চামোলির পিপালকোটির তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্পে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আকস্মিকভাবে টানেলে পানির প্রবল স্রোত ঢুকে পড়ার সময় সেখানে অন্তত ২৮ জন কাজ করছিলেন। প্রবল স্রোতে অনেক শ্রমিক টানেলের মুখের দিকে ভেসে যান।
এ ঘটনায় স্থানীয় বিধায়ক লাখপত বুটোলা বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুরো প্রশাসনিক দল ও আমার সব সহকর্মী ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজে নিয়োজিতদের নিরবচ্ছিন্ন সহায়তা দেওয়াই এখন আমাদের অগ্রাধিকার।’
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মাণকাজ চলা টানেলটিতে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ও পানি ঢুকে পড়ে।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাদের অবস্থা স্থিতিশীল। ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের যেসব বাসিন্দা এই দুর্ঘটনায় আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সেখানকার মুখ্যমন্ত্রীদেরও অবহিত করেছি।’