ভারতের অরুণাচল প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে চারজন নিহত এবং পাঁচ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজ্যের দুই জেলায় এ দুটি ঘটনা ঘটে বলে আজ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় কেওজারিং-বিয়াচিং সড়ক নির্মাণস্থলে বড় ধরনের ভূমিধস হয়। এতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মারা যান চারজন।
তারা হলেন তাদু বাকি, তাজি রাই, মারকোশ বাসুমাতারি ও বাবুল আলী।
আপার সুবনসিরি জেলায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য নাচো পুলিশ স্টেশনের সদস্যদের মোতায়েন করা হয়েছে। দাপোরিজো থেকে ফায়ার সার্ভিস ও জরুরি সহায়তাকর্মীদের পাঠানোর প্রস্তুতি চলছে।
রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল এই অভিযানে যোগ দেবে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় আকস্মিক বন্যায় পঞ্চম গ্রেনেডিয়ার্সের পাসু পানি সেনা শিবিরের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে যায়।
কর্মকর্তারা জানান, বন্যার পানিতে ভেসে যাওয়া সাত সেনাসদস্যের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ হওয়া ব্যক্তিদের হাবিলদার উপেন্দর এবং সেনাসদস্য কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্ডা হিসেবে শনাক্ত করা হয়েছে।
নিখোঁজ সেনাসদস্যদের সন্ধানে পঞ্চম গ্রেনেডিয়ার্সের দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।