ঝিনাইদহে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দ্দারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এবং শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২), শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।