মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে রাষ্ট্রপতি ভবনের সামনে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ ঘটনাটি ঘটেছে। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কে সাধারণ মানুষজনের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন শেনবাউম। এমন সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার কাঁধে হাত রাখেন। আর অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এসময় শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ারও চেষ্টা করেন তিনি।
শেনবাউমকে হয়রানির সময় প্রেসিডেন্ট প্রাসাদের এক নিরাপত্তারক্ষী তাকে সরিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গেও ছবি তুলতে রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন প্রেসিডেন্ট।
পরে বুধবার প্রেসিডেন্ট বলেন, ওই ব্যক্তি অন্য আরও নারীকে হয়রানি করেছেন—এমনটা বোঝার পর তিনি পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানায়।
এক সংবাদ সম্মেলনে ক্লাউদিয়া শেনবাউম বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি হলো, যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকোর অন্য নারীদের কী হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে, তাহলে আমাদের দেশের অন্য নারীদের কী হবে?’
তিনি আরও বলেন, ওই ব্যক্তির এমন আচরণ মেক্সিকোর ‘সব রাজ্যে ফৌজদারি অপরাধ’ হিসেবে গণ্য হয় কি না, তা পর্যালোচনা করে দেখবে সরকার। কারণ এমন আচরণ ফৌজদারি অপরাধ হওয়া উচিত।