ভারতের রাজস্থানের একটি কারাগারে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হত্যামামলায় দণ্ডপ্রাপ্ত এক নারী ও পুরুষ। এবার পূর্ণতা পেতে যাচ্ছে তাদের এই প্রেম, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন সাজাপ্রাপ্ত আসামি। রাজস্থান হাইকোর্ট এই জুটিকে বিয়ের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছেন।
কনে প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ ও বর হনুমান প্রসাদ শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ারের বারোদামেভে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সাজাপ্রাপ্ত আসামিদের এমন বিয়ে নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রায় ছয় মাস আগে রাজস্থানের সাঙ্গানের ওপেন জেলেই প্রথম দেখা হয় প্রিয়া ও হনুমানের। সেখান থেকেই আলাপ ও পরে প্রেমের শুরু। দুজনেই দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরপর বিয়ের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হন।
প্রিয়া শেঠ একজন মডেল। ২০১৮ সালের মে মাসে টিন্ডার অ্যাপের মাধ্যমে দুষ্যন্ত শর্মা নামের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি। উদ্দেশ্য ছিল অপহরণ করে মুক্তিপণ আদায়। প্রিয়া ও তার তৎকালীন প্রেমিক মিলে দুষ্যন্তের বাবার কাছে ১০ লাখ রুপি দাবি করেন। পরিবার ৩ লাখ রুপি দিলেও পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে প্রিয়া ও তার সহযোগীরা মিলে দুষ্যন্তকে নৃশংসভাবে হত্যা করেন। পরিচয় গোপন করতে তার মুখে অসংখ্য ছুরিকাঘাত করা হয় ও মরদেহটি একটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। এই মামলায় প্রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা খাটছেন।
অন্যদিকে, হনুমান প্রসাদ ৫টি হত্যা করেছেন। তিনি তার সাবেক প্রেমিকার স্বামী ও সন্তানদের হত্যা করেন। তার প্রেমিকা সন্তোষ আলওয়ারের একজন তায়কোন্ডো খেলোয়াড় ছিলেন। সন্তোষের স্বামী বনওয়ারী লালকে পশু জবাইয়ের ছুরি দিয়ে হত্যা করে। এ সময় ঘুমন্ত তিন সন্তান ও এক ভাতিজা জেগে ওঠে। প্রত্যক্ষদর্শীদের সরিয়ে দিতে হনুমান চার শিশুসহ মোট পাঁচজনকে হত্যা করেন।