চীনের তৈরি রোবট কুকুরকে আন্তর্জাতিক এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে নিজেদের তৈরি বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মেলন থেকে বিদায় নিতে বলা হয়েছে।
চলতি সপ্তাহে সম্মেলন চলাকালে ভারতের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গালগোটিয়াস ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং বলেন, ‘আপনাদের ওরিয়নের সঙ্গে পরিচিত হওয়া দরকার। এটি গালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অব এক্সিলেন্স তৈরি করেছে।’
তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুতই রোবটটিকে শনাক্ত করেন। এটি আসলে চীনের ইউনিট্রি রোবটিক্সের তৈরি ইউনিট্রি গো-২ মডেলের রোবট; যা বিশ্বজুড়ে গবেষণা ও শিক্ষার কাজে প্রায় ২ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়।
এই ঘটনা ভারতকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে এবং দেশটির এআই উচ্চাকাঙ্ক্ষাকে অস্বস্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে, যখন ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওই রোবট কুকুরের ভিডিও শেয়ার করেন। তীব্র সমালোচনার মুখে পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সমালোচনার একপর্যায়ে গালগোটিয়াস ইউনিভার্সিটি এবং নেহা সিং দাবি করেন, রোবটটি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ছিল না এবং তারা কখনও এমনটা দাবিও করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্মে দেওয়া এক পোস্টে বিশ্ববিদ্যালয়টি জানায়, ‘পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, গালগোটিয়াস এই রোবট কুকুরটি তৈরি করেনি এবং আমরা তেমন দাবিও করিনি। তবে আমরা এমন মেধা তৈরি করছি, যারা শীঘ্রই এ ধরনের প্রযুক্তি নকশা, প্রকৌশল এবং উৎপাদন করবে।’