আফগানিস্তানের তালেবান সরকারের নতুন এক আইনে নারীদের ‘দাসী’ হিসেবে গণ্য করা হয়েছে। এখন থেকে পারিবারিক সহিংসতার শিকার হলেও দেশটির নারীরা ততক্ষণ পর্যন্ত কোনো আইনি সুরক্ষা পাবেন না, যতক্ষণ না তারা শরীরে ক্ষতচিহ্ন দেখাতে পারবেন।
এর অর্থ হলো, আফগান পুরুষেরা এখন থেকে তাদের স্ত্রীদের মারধর করার অনুমতি পাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত না স্ত্রীর হাড় ভাঙছে বা শরীরে খোলা ক্ষত তৈরি হচ্ছে, ততক্ষণ স্বামীর কোনো সাজা হবে না। যদি ক্ষত প্রমাণিত হয়ও, তাহলে স্বামীর সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হবে। অন্যদিকে স্বামী অনুমতি না দিলে স্ত্রী বাড়ি ছেড়ে যেতে পারবেন না। গেলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
নতুন আইনে কী বলা আছে
তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত মাসে ৯০ পৃষ্ঠার একটি দণ্ডবিধি স্বাক্ষর করেছেন; যেখানে আফগান সমাজকে উচ্চ ও নিম্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। জানুয়ারির ৪ তারিখে জারি করা এই নতুন ফৌজদারি কার্যবিধিতে ৩টি বিভাগ, ১০টি অধ্যায় এবং ১১৯টি ধারা রয়েছে। আফগান মানবাধিকার সংস্থা রাওয়াদারির মতে, এর মাধ্যমে সমাজকে চারটি স্তরে ভাগ করা হয়েছে।
এই চার স্তর হলো—আলেম, আশরাফ (অভিজাত), মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। উচ্চবিত্ত স্তরের মধ্যে থাকবেন তাদের ধর্মীয় নেতারা (মোল্লা), যারা আইনের ঊর্ধ্বে থাকবেন। অপরাধ যতই গুরুতর হোক না কেন, তাদের কোনো ধরনের ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হবে না। অন্যদিকে নারী এবং দুর্বল মানুষদের রাখা হয়েছে নিম্নবিত্ত স্তরে।
আইনে বলা হয়, আফগান নারীরা সমাজের নিম্নবিত্ত স্তরের অন্তর্ভুক্ত হবেন, যারা মূলত উচ্চবিত্তদের দয়ার ওপর বেঁচে থাকবেন। নতুন আইন অনুযায়ী, স্বামী তখনই শাস্তি পাবেন, যদি স্ত্রী তার শরীরে গুরুতর আঘাত, গভীর ক্ষত বা লাঠি দিয়ে পেটানোর প্রমাণ দেখাতে পারবেন।
এই অপরাধের জন্য শাস্তি ১৫ দিন জেল। এর বাইরে অন্য কোনো ধরনের মারধরের জন্য স্বামীকে কোনো সাজা বা কারাদণ্ড ভোগ করতে হবে না।
দণ্ডবিধির ৩ নম্বর ধারা অনুযায়ী, কোনো নারী যদি তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি বা আত্মীয়ের বাড়ি যান এবং স্বামীর অনুরোধ সত্ত্বেও ফিরে না আসেন, তাহলে তাকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে।
কন্যাশিশুর ক্ষেত্রেও শারীরিক নির্যাতন থেকে সুরক্ষার কোনো কার্যকর নিয়ম নেই। ধারা ৩০ অনুযায়ী, কেবল হাড় ভাঙা, চামড়া ছিঁড়ে যাওয়া বা শরীরে কালশিটে পড়ার মতো গুরুতর আঘাতের ক্ষেত্রেই শাস্তির বিধান রাখা হয়েছে।
তথ্যসূত্র: ডিএনএ ইন্ডিয়া