মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তৃত হওয়ার আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, সংঘাত বাড়লে তেলের দাম বাড়তে পারে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে সুদের হার কমানোর পরিকল্পনা বিলম্ব করতে পারে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, এশিয়ার দেশগুলো মূলত হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। সবচেয়ে বড় পতন দেখা গেছে দক্ষিণ কোরিয়ার সিউল শেয়ারবাজারে। সেখানে লেনদেন শেষে সূচক ১২ শতাংশ কমে যায়, যা রেকর্ড সর্বোচ্চ পতন। টানা দুই দিনে বেঞ্চমার্ক সূচক ১৮ শতাংশের বেশি মূল্য হারিয়েছে। একই সঙ্গে দেশটির মুদ্রার মান ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
আরও বলা হয়, জাপানের নিক্কেই সূচক ৩.৯ শতাংশ কমেছে এবং তাইওয়ানের শেয়ারবাজারে ৪.৩ শতাংশ পতন হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ার ছিল বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণ। তবে ঝুঁকি কমাতে এবং অন্য খাতে ক্ষতি পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা এখন এসব শেয়ার বিক্রি করছেন।
সিঙ্গাপুরভিত্তিক স্যাক্সো ব্যাংকের প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এশিয়ার বাজারে বিক্রি এখন বিশৃঙ্খল হয়ে পড়ছে, কারণ বিনিয়োগকারীরা এটিকে আর এক সপ্তাহের সাময়িক ধাক্কা হিসেবে দেখছেন না।’
তিনি আরও বলেন, ‘যা বিক্রি করা সম্ভব, তা-ই বিক্রি করে দিন’—এই প্রবণতা এখন দ্রুত ছড়িয়ে পড়ছে।