সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রকাশনীটির অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’
তবে কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে জানতে প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।