একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করার শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্রশিবির প্যানেলের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শনিবার (৭ মার্চ) মধ্যরাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের সমালোচনা করতে হবে, বাকশাল নিয়ে হাজারটা প্রশ্ন তোলা যাবে, রক্ষীবাহিনীর তান্ডব নিয়ে কথা বলতে হবে। একই সঙ্গে ৭ই মার্চের ভাষণকে স্বীকার করতে হবে। ৭ই মার্চের সেই ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না। এটি ছিল রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত উচ্চারণ।
একাত্তরের প্রতিটি বাঁক আমাদের জন্য স্মরণের।
তিনি আরও বলেন, বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের!